বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত গেজেট স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। পর্যবেক্ষণ, নির্দেশনাসহ এ আদেশ দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদেশের পর আইনজীবী কায়সার কামাল বলেন, রিটটি সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। তার মানে দাঁড়াল, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ নেওয়ার জন্য আর কোনো বাধা থাকল না। আমরা মনে করি, যে উপদেষ্টা আছেন, যিনি হয়তোবা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই বিষয়টি ঘুরাচ্ছিলেন, তিনিও এখন অন্তত আজকে রিট খারিজের পরে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্দিষ্ট তারিখের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করবেন।
তবে রিট আবেদনকারীর জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে। এতে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ইসির গেজেটের কার্যক্রম স্থগিত চাওয়া হবে। রোববারের মধ্যে আপিল বিভাগে আবেদন করার চেষ্টা থাকবে।
প্রসঙ্গত, ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ইসির গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে মো. মামুনুর রশিদ নামে সুপ্রিম কোর্টের আইনজীবী ১৩ মে রিটটি করেন। রিটের ওপর গত মঙ্গলবার শুনানি নিয়ে গতকাল আদেশের জন্য দিন রাখেন। গতকাল বিষয়টি উঠলে শুনানি হয়। গতকাল শুনানি নিয়ে আদালত আজ সকালে আদেশের জন্য সময় নির্ধারণ করেন। এ অনুসারে আদেশের জন্য আজ রিটটি আদালতের কার্যতালিকায় এক নম্বর ক্রমিকে ওঠে।

সংবাদ৩৬০ ডেস্কঃ 


















