সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে সংগৃহীত ছবি
সিলেটের কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের শিক্ষা এবং মানব সম্পদবিষয়ক সম্পাদক আফসার উদ্দিন চৌধুরীকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
রোববার (১১ মে) দুপুরে ইউনিয়নের চটি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে ইউনিয়নের চটি গ্রামে ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিনের সংবর্ধনা অনুষ্ঠান ছিল। সেখানে যেতে তিনি বাড়ি থেকে বের হন। এ সময় এলাকার মসজিদে গেলে কিছু বিক্ষুব্ধ মানুষ তাকে ধাওয়া দিয়ে মারধর করে। পরে সেখান থেকে উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশীদের বাড়ি নিয়ে যাওয়া হয়। সেখানে বসে বেশ কিছু সময় কথাবার্তা হয়। এ সময় সেখানে এলাকার লোকজনও উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
এ বিষয়ে বিএনপি নেতা মামুনুর রশীদ বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময় এলাকার মানুষকে অনেক কষ্ট দিয়েছেন ওই চেয়ারম্যান। তার ভাই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সহপাঠী। সেই ক্ষমতা ব্যবহার করে খুব অত্যাচার করেছেন এলাকায়। তার বিরুদ্ধে বিএনপি নেতাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার মামলা আছে। এলাকার মানুষ আফসার উদ্দিনকে ধরে আমার বাড়ি নিয়ে আসে। পরে পুলিশে সোপর্দ করা হয়।’
কানাইঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু সায়েম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওই চেয়ারম্যানকে আটক করে থানায় আনা হয়েছে। স্থানীয় লোকজন তাকে পুলিশের কাছে তুলে দিয়েছেন। তার বিরুদ্ধে মামলার ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।’

সংবাদ৩৬০ ডেস্কঃ 


















