নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযান চালাতে গিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিক্ষোভে অবরুদ্ধসহ রাতভর চলে নাটকীয়তা।
শুক্রবার (৯ মে) ভোর পৌনে ৬টার দিকে নগরীর দেওভোগ এলাকায় আইভীর বাসভবন চুনকা কুটির থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান।
তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে হত্যাসহ ৬টি মামলা রয়েছে। রাতে তাঁকে গ্রেপ্তার করতে এলে সে সময় তিনি পুলিশের সঙ্গে যেতে রাজি হননি। তিনি বলেছিলেন, দিনের আলো ফুটলে যাবেন। গ্রেপ্তার প্রক্রিয়ায় তিনি সহযোগিতা করেছেন এবং তাকে জেলা গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা হাসিনুজ্জামান।
এর আগে রাতে, ডা. সেলিনা হায়াৎ আইভীকে ধরতে গেলে আশপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেওভোগ এলাকায় তার কর্মী-সমর্থকরা বিক্ষোভ করায় পুলিশ অবরুদ্ধ হয়ে পড়ে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে আইভীর বাড়িতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছিলেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
এলাকাবাসী জানায়, সাবেক মেয়র আইভী স্থানীয়দের কাছে দলমত নির্বিশেষে নারায়ণগঞ্জ নগরীর নানা উন্নয়ন করেছে। তাই স্থানীয়রা পুলিশের এ অভিযান প্রতিহত করতে সড়কে নেমেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগ ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা মডেল থানায় ৬টি মামলা আছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার করতে তার নারায়ণগঞ্জের বাড়িতে পুলিশ অভিযান চালায়।

সংবাদ৩৬০ প্রতিবেদকঃ 


















