পাবনার সাঁথিয়ায় ক্ষেতুপাড়া আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী ও যুবলীগ নেতা আমিরুল ইসলাম মাস্টার (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
গতকাল সোমবার (১০ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের চক পাটা উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত আমিরুল ইসলাম উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ক্ষেতুপাড়া গ্রামের লোহাই প্রামাণিকের ছেলে। তিনি উপজেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
স্থানীয়রা জানায়, গতকাল সোমবার রাত ৮টার দিকে একই গ্রামের ইউনুসের ছেলে ইমু, আলতাবের ছেলে সালেক, চাঁদের ছেলে মিঠুসহ কয়েকজন মিলে ক্ষেতুপাড়া গ্রামের যুবলীগ নেতা ও সাত্তার উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী আমিরুলকে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক এনজামামুল হক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা রোকন বলেন, ‘ওদের সঙ্গে অনেক আগে থেকে ইউপি নির্বাচন নিয়ে শত্রুতা ছিল। আমার চাচাকে ওরা তুলে নিয়ে কয়েকজন মিলে কুপিয়ে ফেলে রেখে চলে যায়।’
নিহতের আরেক ভাতিজা সোহেল বলেন, ‘সিএনজিতে করে আসা কিছু লোক আশরাফ মেম্বারকে মারছে শুনে ধাওয়া করে আমার কাকা আমিরুল। একপর্যায়ে চকপাট্রায় এসে সিএনজিটি ধরে ফেলে। এ সময় সিএনজিতে থাকা লোকজন কাকাকে কুপিয়ে হত্যা করে।’
বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, আমরা ঘটনাস্থলে আছি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি। পরে এ বিষয়ে আপনাদের বিস্তারিত জানানো হবে।

সংবাদ360 ডেস্কঃ 















