জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ‘স্বাধীনতা সংসদ’-এর উদ্যোগে রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এক সমৃদ্ধ আলোচনা সভা, গুণীজন সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ রোববার (৮ নভেম্বর) বিকেল ৫টায় “ঐতিহাসিক ৭ নভেম্বর: জাতীয় আত্মমর্যাদা ও পুনর্জাগরণের প্রতীক” শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমেরিটাস অধ্যাপক ও বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা অধ্যাপক ড. সুকমল বড়ুয়া।
প্রধান আলোচকের বক্তব্যে বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী বলেন, “৭ নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসের এক অনন্য ও অবিস্মরণীয় দিন। ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে দেশবিরোধী সকল চক্রান্ত নস্যাৎ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আপসহীন ও দূরদর্শী নেতৃত্বের মধ্য দিয়েই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পুনর্জন্ম ঘটে। বর্তমান প্রেক্ষাপটে দেশ ও গণতন্ত্রের বিরুদ্ধে চলা যেকোনো চক্রান্ত প্রতিহত করতে হলে আমাদের আবারও ৭ নভেম্বরের সেই সংহতির চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে।”
এতে সভাপতিত্ব করেন স্বাধীনতা সংসদের অন্যতম ভাইস চেয়ারম্যান এবং ই-ক্রয় ডটকমের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মোশফেকুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন স্বাধীনতা সংসদের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি)-এর সভাপতি আলহাজ্ব আলী আশরাফ আকন্দ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক মো. জেদ খান রিয়াজ উদ্দিন নসু, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি খোন্দকার মো. মোশতাক করিম বাদল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট কণ্ঠশিল্পী মনির খান, ঢাকা মডার্ন সিটি লিমিটেডের ইসি চেয়ারম্যান এস এম নিয়ামুল করিম, অবকাশ গল্ফ রিসোর্ট এন্ড সিটির ব্যবস্থাপনা পরিচালক মো. আগা সহিদ মিন্টু, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূর আহমেদ এবং আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি আলহাজ্ব মো. জসিম উদ্দিন ভুইয়া মুন্নু।
স্বাধীনতা সংসদের সাধারণ সম্পাদক ও বিসিআরসি-এর সাধারণ সম্পাদক সাহেদ আহমাদ এবং সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নাদিয়া জাহান সুলতানা যৌথভাবে সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
আলোচনা পর্ব শেষে সামাজিক ও জাতীয় ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আমন্ত্রিত অতিথিদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়।

নিজস্ব প্রতিবেদকঃ 



















