পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের বৈঠাকাটা ভাসমান বাজারসংলগ্ন বেলুয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা বাইচ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় স্থানীয় যুবসমাজের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ভেলা বাইচকে কেন্দ্র করে বৈঠাকাটা ভাসমান বাজার ও বেলুয়া নদীর দুই তীরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ঐতিহ্যবাহী এ আয়োজন দেখতে দূর-দূরান্ত থেকে নারী, পুরুষ ও শিশু-কিশোরসহ বিপুলসংখ্যক দর্শনার্থী জমায়েত হন। কেউ নদীর তীরে, কেউ নৌকায়, আবার কেউ বাজার এলাকায় দাঁড়িয়ে আনন্দঘন এ প্রতিযোগিতা উপভোগ করেন।
প্রতিযোগিতায় মোট ৩২টি ভেলা অংশ নেয়। ভেলার বৈঠা হাতে প্রতিযোগীরা দ্রুতগতিতে এগিয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা চালান। একের পর এক ভেলার ছুটে চলা আর প্রতিযোগীদের উচ্ছ্বাসে পুরো নদীজুড়ে সৃষ্টি হয় অভূতপূর্ব প্রাণচাঞ্চল্য। দর্শকদের করতালি ও করতালিমুখর উন্মুখতায় মুখরিত হয়ে ওঠে নদীর দুই পাড়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান হাসনাত ডালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর কলারদোয়ানিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আরিফুল হাসান উজ্জ্বল, সদস্য সচিব মো. মাহবুবুর রহমান (শানু), ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সদস্য প্রিন্স, কলারদোয়ানিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. এনায়েত করিম, সদস্য সচিব জুয়েল কিশোর এবং বৈঠাকাটা ইসলামী ব্যাংক আউটলেট শাখার স্বত্বাধিকারী মিজানুর রহমান। আয়োজক কমিটিতে স্থানীয় যুবসমাজের পক্ষে ছিলেন মো. শাহরিয়ার পারভেজ (জয়), মো. সজীব আহমেদ, মো. আরিফ, মো. সজিব ও মো. রিয়াজসহ অনেকে।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক, ইভটিজিং ও মোবাইল ফোনের অপব্যবহার থেকে দূরে রেখে খেলাধুলা, সুস্থ বিনোদন এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। একই সঙ্গে গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি টিকিয়ে রাখা এবং যুবসমাজকে ইতিবাচক কাজে উৎসাহিত করাও এর উদ্দেশ্য। ভেলা বাইচ দেখতে আসা স্থানীয় দর্শনার্থীরা জানান, এসব আয়োজন মানুষের মধ্যে আনন্দ ও সম্প্রীতি বাড়ায়। তারা ভবিষ্যতে আরও বড় পরিসরে নিয়মিত এ ধরনের আয়োজন করার দাবি জানান।

দক্ষিণাঞ্চল প্রতিনিধিঃ 



















