রাজধানীর উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। উদ্ধারের সময় মরদেহের শরীরে বাইরে থেকে দৃশ্যমান কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই তার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকা জেলা নৌ-পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
নৌ-পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ তুরাগ নদে একটি মরদেহ ভেসে থাকার খবর দেওয়া হয়। খবর পেয়ে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাজাবাড়ী ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে। উদ্ধারের সময় মরদেহের পরনে সাদা পাজামা ও কালো জামা ছিল। এ ছাড়া তার হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। সেই ফোনের সহায়তায় দ্রুত মরদেহের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ।
পরবর্তীতে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঢাকা জেলা নৌ-পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের শরীরে আপাতদৃষ্টিতে কোনো জখম বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে। নিহতের পরিবারের স্বজনদের অভিযোগ ও ময়নাতদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, তাহসিফ সাউরির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনার দেশত্যাগের মুহূর্তের যে ভিডিও ছড়িয়ে পড়েছিল, সেটি ধারণ করেছিলেন তিনি। তবে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেননি নৌ পুলিশের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

নিজস্ব প্রতিবেদকঃ 


















