নভেম্বর মাসের শুরু থেকেই মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ও ফ্লাইট কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বুধবার (২৮ অক্টোবর) রাজধানীতে উইটনেস ফাউন্ডেশন আয়োজিত একটি অভিবাসন সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক।
প্রতিমন্ত্রী জানান, নভেম্বরের প্রথম সপ্তাহে কর্মীদের মেডিক্যাল সম্পন্ন হওয়ার পরই তারা মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হতে পারবেন। মালয়েশীয় কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে অনুমোদিত মেডিক্যাল সেন্টারগুলোর তালিকা দুই দেশের সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হবে। একই সাথে মেডিক্যাল পরীক্ষার ফি নির্ধারণের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।
অভিবাসন খরচের বিষয়ে তিনি জানান, সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়া যেতে প্রতি কর্মীর আনুমানিক ১ লাখ ৫৫ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকার মতো খরচ হতে পারে। আর বেসরকারি বা প্রাইভেট এজেন্সির মাধ্যমে গমনের ক্ষেত্রে খরচ কেমন হবে, তা অংশীদারদের সাথে আলোচনা করে দ্রুতই চূড়ান্ত করে দেওয়া হবে।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন যে, নভেম্বর মাসের মধ্যেই সব প্রক্রিয়া পুরোপুরি উন্মুক্ত ও স্পষ্ট হয়ে যাবে।

বিশেষ প্রতিনিধিঃ 



















