দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজারের ধরগাঁওস্থ ‘এম এ গণি ও মিসেস মনোয়ারা খানম শিক্ষা ট্রাস্ট’-এর ২৬তম বৃত্তি পরীক্ষার সর্বশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে সিলেট সিটি কর্পোরেশন এলাকাধীন নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষা ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মকব্বির আলীর সভাপতিত্বে এবং সচিব মোহাম্মদ মাসুক আহমদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন—পরীক্ষা নিয়ন্ত্রক এ এইচ এম ইসরাঈল আহমদ, সহ-সভাপতি আব্দুস সালাম, কেন্দ্র সচিব ফাতেমা ইয়াসমিন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আজম আলী, যুগ্ম সচিব আবুল কালাম আজাদ, অতিরিক্ত সচিব মাসুদ আলম এবং নির্বাহী সদস্য জনাব সুহেল মিয়া ও আনোয়ার হোসেন।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৩ ও ১৪ নভেম্বর ২টি কেন্দ্রে ২৬তম (স্কুল ও মাদ্রাসা) জুনিয়র বৃত্তি পরীক্ষা, ১৫তম আয়শা খানম হিফজুল কোরআন প্রতিযোগিতা এবং ১৪তম আম্বর আলী ও সফিনা বিবি চতুর্থ শ্রেণি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩টি বিভাগে সর্বমোট ৫৫০ জন পরীক্ষার্থী এসব পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষার্থীদের প্রবেশপত্র আগামী ৩১ অক্টোবরের মধ্যে স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হবে।
পরবর্তীতে আগামী ১৫ ডিসেম্বর পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। উত্তীর্ণ সর্বমোট ৬৬ জন শিক্ষার্থীকে সনদপত্র এবং নগদ সর্বমোট ১ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।

নিজস্ব প্রতিবেদকঃ 



















