আইজিপি মো. আলী হোসেন ফকির
সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পুলিশ পিছপা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’ এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আইজিপি বলেন, ‘সুখে-শান্তিতে বসবাস করতে হলে পুলিশের প্রয়োজন রয়েছে। স্বাধীনতা আছে বলে যা ইচ্ছা, তা করা যাবে না।’ আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানোও ঠিক নয়।’
এ সময় পাড়া-মহল্লায় মাদকের বিস্তার এবং মাদক কারবারের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাশাপাশি পুলিশের কিছু সদস্যের সম্পৃক্ততার অভিযোগও তোলেন আইজিপি।
তিনি জানান, গত দুই মাসে ২৭ জন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে এবং আইজিপির পদত্যাগ দাবি করেছে। টিআইবির মতে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা ক্রসফায়ারের পক্ষে আইজিপির এই বক্তব্য সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী।

নিজস্ব প্রতিবেদকঃ 



















