কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন সাঁইজির আখড়াবাড়িতে ব্যক্তিগত সফরে গিয়ে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মাজারের প্রধান প্রবেশদ্বারে কতিপয় ব্যক্তি তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে এবং তাকে বহনকারী গাড়ি লক্ষ্য করে ভাঙচুর চালায়।
স্থানীদের বরাতে জানা গেছে, ব্যক্তিগত সফর ও বাউল সাঁইজির মাজার দর্শনের উদ্দেশ্যে নাসীরুদ্দীন পাটওয়ারী লালন আখড়াবাড়িতে আসেন। তার আগমনকে কেন্দ্র করে মাজার চত্বরে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। তিনি মাজারের মূল ফটকে পৌঁছালে একদল ব্যক্তি অতর্কিতভাবে তাকে উদ্দেশ্য করে ডিম নিক্ষেপ করতে শুরু করে। পরবর্তীতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠলে উত্তেজিত জনতা তাকে বহনকারী গাড়িটিতে হামলা ও ভাঙচুর চালায়।
ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিরাপদে উদ্ধার করে চত্বর থেকে সরিয়ে নেন।
এ ঘটনার পর থেকে মাজার ও আশেপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ছেঁউড়িয়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে।

কুষ্টিয়া প্রতিনিধিঃ 


















