শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো বা প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে তাকে কবে ফেরত পাঠানো হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।
শনিবার (৩ অক্টোবর) ‘বে অব বেঙ্গল কনফারেন্স’-এর একটি সেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, ভারত সরকার বারবারই জানিয়েছে যে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে একটি আইনি প্রক্রিয়া রয়েছে। তার জানা মতে, সেই প্রক্রিয়া বর্তমানে চলমান।
শেখ হাসিনা কী পরিস্থিতিতে ভারতে গিয়েছিলেন—সে প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, ওই ধরনের পরিস্থিতির জন্য ভারত সরকার প্রস্তুত ছিল না। শেখ হাসিনাকে ভারতে নিয়ে আসার ক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনী বা বিমানবাহিনীর কোনো ভূমিকা ছিল না বলেও জানান তিনি।
তিনি বলেন, শেখ হাসিনা যখন ভারতে যান, তখনও তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। প্রতিবেশী দেশ হিসেবে তার অনুরোধে সাড়া দেওয়া ভারতের প্রয়োজন ছিল। তিনি যে পরিস্থিতিতে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, এমন পরিস্থিতি বিশ্বের কোথাও যেন সৃষ্টি না হয়—সে আশাও প্রকাশ করেন দীনেশ ত্রিবেদী।
ভারতে প্রবেশের অনুমতি দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনাকে ভারতে প্রবেশের সুযোগ দেওয়া ছাড়া ওই সময় ভারতের হাতে অন্য কোনো উপায় ছিল না। প্রতিবেশী হিসেবে এটি ভারতের দায়িত্ব ছিল বলেও মন্তব্য করেন তিনি।
হাইকমিশনার আরও বলেন, ওই সময় শেখ হাসিনাকে ভারতে প্রবেশের সুযোগ না দিলে কী ধরনের পরিস্থিতি তৈরি হতো, তা বলা সম্ভব নয়।

বিশেষ প্রতিনিধিঃ 

















