সংগৃহীত ছবি
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভিডিও ক্লিপ দিয়ে দেশজুড়ে আলোচনা ও ট্রলের শিকার হওয়া সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পাল জেলার ‘শ্রেষ্ঠ শিক্ষক’ হিসেবে নির্বাচিত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদের স্বাক্ষর করা স্মারকপত্রের মাধ্যমে জেলার শ্রেষ্ঠ নির্বাচিত শিক্ষকদের তালিকা বিভাগীয় প্রাথমিক শিক্ষা দপ্তরে পাঠানো হয়।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বিভিন্ন উপজেলার শিক্ষকদের মধ্য থেকে সার্বিক যাচাই-বাছাই শেষে এ বছর চারজনকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
বিউটি রাণী পাল ছাড়াও শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত
অন্য তিনজন হলেন:
মো. জামাল উদ্দিন লস্কর (প্রধান শিক্ষক, জহরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিলেট সদর)
নূরজাহান বেগম (প্রধান শিক্ষক, আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওসমানীনগর)
আদরী রানী দাস (সহকারী শিক্ষক, ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোলাপগঞ্জ)
ঘটনার পেছনের গল্প:
গত ২৩ জুলাই ফেসবুকে নীল শাড়ি পরা একটি ছোট ভিডিও ক্লিপ শেয়ার করেছিলেন শিক্ষক বিউটি রাণী পাল। ব্যাকগ্রাউন্ডে বেজেছিল জনপ্রিয় ব্যান্ড গান ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’। ভিডিওটি ঘিরে নেটিজেনদের একাংশ তাকে নিয়ে ট্রল ও কটূক্তি শুরু করলেও শিক্ষক সমাজ, সাংবাদিক, লেখক ও সচেতন নাগরিকেরা তাঁর পাশে শক্ত অবস্থান নেন।এমনকি তাঁর প্রতি সমর্থন জানিয়ে অনেকেই প্রতীকী প্রতিবাদ হিসেবে গানটি ব্যবহার করে ভিডিও প্রকাশ করেছিলেন।
বিতর্ক ও ট্রলকে তুচ্ছ করে পেশাগত দক্ষতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ অবশেষে জেলার শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা পেলেন বিউটি রাণী পাল।

নিজস্ব প্রতিবেদকঃ 


















