চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া খলনায়ক
আশরাফুল হক ওরফে ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (৯ আগস্ট) বিকেলে বিদেশে পালিয়ে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে সিআইডির কাছে হস্তান্তর করে। পরে তাঁকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে হাজির করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পরিদর্শক আরিফুর রহমান তাঁকে জিজ্ঞাসাবাদ সম্পন্ন না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন জানান।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, “ডন এই বহুল আলোচিত হত্যা মামলার ৪ নম্বর আসামি। আসামিদের বিরুদ্ধে ১২ লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে অচেতন করে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ রয়েছে।” শুনানিকালে ডনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। জামিনে মুক্তি পেলে আসামি আবারও পালিয়ে যেতে পারেন—রাষ্ট্রপক্ষের এমন যুক্তিতে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয়। মৃত্যুর ২৯ বছর পর গত বছরের অক্টোবরে আদালতের নির্দেশে তাঁর মামা আলমগীর কুমকুম রমনা থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন। এতে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক ও অভিনেতা ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়। মামলাটির বর্তমান তদন্তকারী সংস্থা সিআইডি আগামী ৩০ আগস্ট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।

নিজস্ব প্রতিবেদকঃ 



















