বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চান্দেরকোলা গ্রামে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতরা হলেন চান্দেরকোলা গ্রামের মৃত আবদার আলী হাওলাদারের স্ত্রী মনিরা বেগম (৬০), তাঁদের ছেলে আহাদ হাওলাদার (২৫) এবং মনিরা বেগমের বৃদ্ধা মা রাশিদা বেগম (৯০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে প্রতিবেশী কয়েকজন নারী বাড়ির বারান্দায় বৃদ্ধা রাশিদা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের অন্য সদস্যদের ডাকাডাকি করেন। পরে ঘরের ভেতরে গিয়ে তাঁরা আরও দুজনের মরদেহ দেখতে পান। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি মরদেহ উদ্ধার করে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, মরদেহগুলোর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাই প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি দুই থেকে তিন দিন আগে ঘটে থাকতে পারে বলেও তিনি মনে করেন। এতদিন বাড়িতে লোকজনের আনাগোনা না থাকায় বিষয়টি কারও নজরে আসেনি।
ঘটনার রহস্য উদ্ঘাটনে জেলা পুলিশ, পিবিআই ও সিআইডি টিম ঘটনাস্থলে কাজ করছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে এবং পুলিশ ইতোমধ্যে মূল তদন্ত শুরু করেছে।

বাগেরহাট প্রতিনিধিঃ 


















