আজ রোববার (২৯ মার্চ ২০২৬) বেলা ৩টায় জাতীয় সংসদ ভবনে শুরু হওয়া অধিবেশনে উপস্থিত আছেন বিএনপি চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপি।
এতে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা অংশ নেন।
অধিবেশনের শুরুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এবং নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল শুভেচ্ছা বক্তব্য রাখেন। স্পীকারের অনুপস্থিতিতে তিনি সংসদ অধিবেশনে স্পীকারের দায়িত্ব পালন করছেন।
পরে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার এবং ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)-এর সহধর্মিণী মিসেস দিলারা হাফিজ এবং যশোর-৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলীর মা রহিমা বেগমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অধিবেশনের কার্যসূচি- প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর, জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১), রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাব এবং রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কার্য-উপদেষ্টা কমিটির পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

আরিফুজ্জামান (সাগর) 



















