মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে সাবেক রাষ্ট্রপতি ও বীর উত্তম শহীদ জিয়াউর রহমানের মাজার এবং সাবেক প্রধানমন্ত্রী, মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে শ্রদ্ধা নিবেদন করেছেন বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গত ২৬ মার্চ সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে তিনি গভীর শ্রদ্ধা জানান। পরে মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।
এ সময় বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ এবং দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিশেষভাবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের (সুমন)সহ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও নীতিনির্ধারকরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আবেগাপ্লুত কণ্ঠে বলেন, শহীদ জিয়াউর রহমান কেবল একজন রাষ্ট্রনায়ক নন, তিনি এই জাতির স্বাধীনতার প্রতীক। তাঁর সাহসী ঘোষণায় সেদিন কোটি মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এই জাতি তাঁর অবদান চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারাজীবন দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও স্বাধীনতা রক্ষায় অক্লান্ত সংগ্রাম করে গেছেন। তাঁর মহান আত্মার শান্তি কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
মহান স্বাধীনতা দিবসের এই পবিত্র ক্ষণে জাতির দুই নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মাজার ও কবর প্রাঙ্গণে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষের সমাগম ঘটে। উপস্থিত সবাই দেশের উন্নতি, সমৃদ্ধি, গণতন্ত্রের সুরক্ষা ও শান্তি কামনায় বিশেষ দোয়া করেন।
উল্লেখ্য, প্রতিবছর মহান স্বাধীনতা দিবসে বিএনপির পক্ষ থেকে শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের এই গৌরবময় ঐতিহ্য পালন করা হয়ে আসছে। এটি কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং ইতিহাস ও স্বাধীনতার প্রতি গভীর শ্রদ্ধার এক অনন্য প্রকাশ।

মোঃ আনজার শাহ 



















