সংগৃহীত ছবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর লন্ডনে সাকিব আল হাসানের ৩৯তম জন্মদিন উদযাপন করেছেন। কেক কেটে এই অনুষ্ঠানে অংশ নেন তিনি।
বেসরকারি টেলিভিশনে সাকিবের জন্মদিনের কেক কাটার একটি ভিডিও প্রকাশ হয়েছে। ভিডিওতে দেখা গেছে, আসিফ আকবর সাকিব আল হাসানকে ‘নবাব’ বলে সম্বোধন করে কেক খাওয়াচ্ছেন। দুজন একে অপরকে কেক খাইয়ে দেন।
২০২৪ সালের ৫ আগস্টের পর ক্রিকেট ও রাজনৈতিক অঙ্গনে আলোচনায় ছিলেন সাকিব আল হাসান। তিনি জাতীয় দলে জায়গা হারান। সরকার পরিবর্তনের পর তার জাতীয় দলে ফেরা নিয়ে আলোচনা চলছে।
সাবেক অধিনায়কের নামে থাকা মামলাগুলো নিয়েও কথা চলছে নীতিনির্ধারণী মহলে। আসিফ আকবর তাকে দ্রুত সময়ের মধ্যে জাতীয় দলে ফেরানোর ঘোষণা দিয়েছিলেন।
গত ৪ মার্চ আসিফ আকবর গণমাধ্যমে বলেন, ‘সাকিব আল হাসানকে ঘিরে যে বিষয়টি রয়েছে, তা নিয়ে আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি এখন মন্ত্রণালয়ের পর্যায়ে আছে এবং তারা এ নিয়ে কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘বিসিবির লিগ্যাল টিমও সক্রিয়ভাবে কাজ করছে, যাতে সাকিবের আইনগত জটিলতাগুলো দ্রুত সমাধান করা যায়। মন্ত্রণালয় ও বিসিবি সমন্বিতভাবে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করছে।’
আসিফ আকবর বলেন, ‘আমরা খুবই আশাবাদী, অল্প সময়ের মধ্যেই সাকিব আল হাসানকে আবার বাংলাদেশের ক্রিকেটে দেখতে পাবো। দেশের কোটি ভক্তের মতো আমরাও তার প্রত্যাবর্তনের অপেক্ষায় আছি।’

ডেস্ক রিপোর্টঃ 



















