অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বর্তমান উপাচার্য এবং ঢাবির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
আজ সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রমতে, উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় তিনি এখন তাঁর নিজ বিশ্ববিদ্যালয়ে ফিরে শীর্ষ প্রশাসনিক পদের দায়িত্ব গ্রহণ করবেন।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। গত ২২ ফেব্রুয়ারি তিনি শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ দেখিয়ে তিনি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। পদত্যাগপত্র জমা দেওয়ার সময় তিনি জানিয়েছিলেন, বিশ্ববিদ্যালয়ের আপৎকালীন পরিস্থিতি কাটিয়ে এখন শিক্ষা কার্যক্রম স্বাভাবিক ধারায় ফিরেছে, তাই তিনি মনে করছেন এটাই সরে দাঁড়ানোর সঠিক সময়।
পদত্যাগের আগে এক সংবাদ সম্মেলনে নিয়াজ আহমদ খান বলেছিলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে এখন একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। আমি সরে দাঁড়াতে চাই যাতে রাজনৈতিক সরকার তাদের পরিকল্পনা অনুযায়ী প্রশাসন সাজিয়ে নিতে পারে। তবে কোনো ধরনের শূন্যতা যেন তৈরি না হয় এবং কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকে, সেদিকে খেয়াল রাখা জরুরি।’ তিনি সরকারকে অনুরোধ জানিয়েছিলেন যেন তাঁকে দ্রুত ডেপুটেশন থেকে অব্যাহতি দিয়ে নিজ বিভাগে শিক্ষকতায় ফেরার সুযোগ দেওয়া হয়।
প্রসঙ্গত, অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বাগেরহাটের মোরেলগঞ্জের কৃতি সন্তান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি ছিলেন তিনি।

নিজস্ব প্রতিবেদকঃ 



















