আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জন ডাকাতকে গ্রেপ্তার করেছে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পুলিশ সুপারের কার্যালয়, মুন্সীগঞ্জ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা সেতুর উত্তর প্রান্তের টোল প্লাজা এলাকায় চেকপোস্ট বসানো হয়। দুপুর ১২টা ২০ মিনিটের দিকে একটি সিলভার রঙের হাইয়েচ মাইক্রোবাস দ্রুতগতিতে টোল প্লাজার চার নম্বর লেন পার হওয়ার চেষ্টা করলে সেটি থামানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গাড়ি থামানোর পর ভেতরে থাকা এক ব্যক্তি ওয়াকিটকি দেখিয়ে নিজেকে ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয় দেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে ডিবি সদস্যরা তা চ্যালেঞ্জ করেন। এ সময় গাড়িতে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশ ধারণ করে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ে ও আশপাশের এলাকায় ডাকাতি করে আসছিল। তারা টাকা-পয়সা ও স্বর্ণালংকার বহনকারী যাত্রীদের লক্ষ্য করে বাস থামিয়ে আইনগত অভিযানের নামে যাত্রীদের নামিয়ে মারধর করে সর্বস্ব লুট করে সুবিধাজনক স্থানে ফেলে দিত।
গ্রেপ্তারকৃতরা হলেন– মো. বশির হাওলাদার (৫৬), চাকরিচ্যুত পুলিশ সদস্য মো. কাজল ইসলাম জিকু (৩০), মো. হীরা বেপারী (৪৮), চাকরিচ্যুত সেনা সদস্য মো. মোস্তাফিজুর রহমান রাজু (৪৮), বরখাস্তকৃত পুলিশ সদস্য মো. রুবেল রানা (৩০) ও জব্দকৃত মাইক্রোবাসের চালক মো. ফয়সাল রাব্বি (২১)। গ্রেপ্তারদের বিরুদ্ধে আগে থেকেই একই ধরনের অপরাধে একাধিক মামলা রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ ঘটনায় পদ্মা সেতু (উত্তর) থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-০৬, তারিখ-২৪ জানুয়ারি ২০২৫; ধারাসমূহ-১৭০/১৭১/৩৯৯/৪০২ পেনাল কোড।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারদের কাছ থেকে একটি সিলভার রঙের পুরাতন হাইয়েচ মাইক্রোবাস, একটি ওয়াকিটকি, একটি খেলনা পিস্তল, এক জোড়া স্টিলের হ্যান্ডকাপ, ডিবি পুলিশের লেখা কটি, একটি ইলেকট্রিক শক মেশিন ও একটি চায়না লেজার লাইট উদ্ধার করা হয়েছে।

মো. সুমন আহমেদ (শ্রীনগর-মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ 



















