কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে আনুমানিক ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়।
তিনি আরও জানান, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মাদক পাচার প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জব্দকৃত মাদকদ্রব্যের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধিঃ 



















