ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের আন্দোলন থেকে ‘অস্ত্র’সহ এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে তাকে আটক করা হয়।
মো. আরাফাত জামান (৩৯) নামে ওই ব্যক্তিকে বর্তমানে শাহবাগ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শাহবাগ থানার ডিউটি অফিসারের দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এক যুবককে আটক করে থানায় আনা হয়েছে। বর্তমানে তাকে থানার সিনিয়ররা জিজ্ঞাসাবাদ করছেন। পরে বিস্তারিত জানা যাবে।
এদিকে, ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, সন্দেহভাজন যুবকের কাছে যে অস্ত্র পাওয়া গেছে সেটি খেলনা পিস্তল। যা দেখতে অবিকল বাস্তব পিস্তলের সদৃশ।
তিনি আরও বলেন, বর্তমানে তিনি শাহবাগ থানা হেফাজত রয়েছেন। তার উদ্দেশ্য কী ছিল সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। প্রয়োজনে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

স্টাফ রিপোর্টারঃ 



















