কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের দুঃসাহসিক অভিযানে প্রায় ৪৯ লাখ টাকা মূল্যের ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল টেকনাফ থানাধীন বাজারঘাট সংলগ্ন বরফকল এলাকায় অভিযান চালায়। অভিযানে মাছ সংরক্ষণের ককশিটের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় টেকনাফ সদর ইউনিয়নের আরাফ আহমদের পুত্র সাইফুর রহমান নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত ইয়াবা ও আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড জানায়, দেশের উপকূলীয় এলাকায় মাদকসহ সকল প্রকার অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধিঃ 



















