বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার বাজারের ওষুধ ব্যবসায়ী ও ইউনিয়ন যুবদল সদস্য সচিব গ্রাম ডাক্তার মোঃ মহাসিন এর উপর হামলা ও তার দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) দুপুর ১২টায় মোঃ মহাসিনের দোকানের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয় এবং মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জানা গেছে, গত ২৭ মার্চ বৃহস্পতিবার সৈয়দকাঠি ইউনিয়নের জেলেদের মাঝে চাল বিতরণ করার সময় নির্ধারিত চালের চেয়ে কম চাল বিতরণ করায় মোঃ মহসিন এর প্রতিবাদ করে। এক পর্যায় মোঃ মহাসিন ও চাল কম বিতরণের সিন্ডিকেটের সাথে জড়িত থাকা মসজিদ বাড়ির ইলিয়াস হোসেনের সাথে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। বিষয়টি বাজার কমিটিকে জানানো হলে উভয়পক্ষকে নিয়ে মীমাংসার আশ্বাস দেওয়া হয়। কিন্তু পরের দিন ২৮ মার্চ সকালে ইলিয়াস হোসেন ও তার কতিপয় সহযোগী মোঃ মহাসিন এর ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে এবং মহসিনকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে বেধড়কভাবে পিটিয়ে আহত করে। স্থানীয় জনতা মহসিনকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে তার শারীরিক অবস্থার অবনতি দেখলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
মানববন্ধনে মহসিন এর স্ত্রী ও মেয়ে জানান, তাদের দোকানে নগদ পাঁচ লক্ষ টাকা ছিল তা হামলাকারীরা নিয়ে যায় এবং অধিকাংশ ওষুধপত্র নষ্ট করে ফেলেছে।তারা পুলিশ প্রশাসন এবং বানারীপাড়া ও উজিরপুর (বরিশাল-২) আসনের বিএনপি’র প্রতিনিধি এস সরফুদ্দিন আহমেদ সান্টুর নিকট এর সুষ্ঠু বিচার দাবি করেন।
উল্লেখ্য শনিবার (২৯ মার্চ) মোহাম্মদ মহসিনের স্ত্রী পাপড়ি খানম বাদী হয়ে ১৫ জন আসামিসহ আরো ১০/১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফার নিকট জানতে চাইলে তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক সাইদুল ইসলাম এবং সদস্য সচিব তোফায়েল আহমেদ তপনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে স্বেচ্ছাসেবক দল নেতা ইলিয়াসকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করেন।

মোঃ সাব্বির হোসেন, বানারীপাড়া প্রতিনিধিঃ 
















