বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার উপকূলীয় এলাকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে স্থানীয় সরকারের সঙ্গে অ্যাডভোকেসি কর্মসূচি আয়োজন করেছে লজিক ইয়ুথ গ্রুপ, মোরেলগঞ্জ।
সোমবার (১০ মার্চ ) দুপুর ২টায় মোরেলগঞ্জ বি.আর.ডি.বি হলরুমে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। “বিল্ডিং এজেন্সি অফ ইয়ুথ ইন ক্লাইমেট অ্যাকশন” প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে ব্রিটিশ কাউন্সিল ও অ্যাকশনএইড বাংলাদেশ সহায়তা করেছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকাগুলো ক্রমাগত দুর্যোগের শিকার হচ্ছে। দুর্বল বেড়িবাঁধ ভেঙে গিয়ে জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে, যা দীর্ঘমেয়াদে স্থানীয় জনগণের টিকে থাকার জন্য হুমকি স্বরূপ। তাই পরিবেশবান্ধব, কার্যকর ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজনীয়তা তুলে ধরেন তারা।
অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৪৩তম বিসিএস কর্মকর্তা ইভানা বিলা ঋতু, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রবীর কুমার সরকার, বি.আর.ডি.বি কর্মকর্তা, মানব কল্যাণ কেন্দ্রের সাবেক পরিচালক এম এ জলিল, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, ইউপি সদস্য মো. নুরুল ইসলাম খান, ইয়ুথ নেট গ্লোবাল, মোরেলগঞ্জ উপজেলা ইয়ুথ মবিলাইজার মেহেরাব আলম অপি, লজিক ইয়ুথ গ্রুপ বাগেরহাট জেলা টিম লিডার মো. নাজমুল, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, তরুণ নেতা ও সমাজসেবীগণ।

বক্তারা বলেন, যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ ও নীতিনির্ধারকদের সমর্থনের মাধ্যমে জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

আয়োজকরা জানান, এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উপকূলীয় জনগণের জন্য নিরাপদ জীবন নিশ্চিত করতে পর্যায়ক্রমে স্থানীয় প্রশাসন ও নীতিনির্ধারকদের সঙ্গে আরো আলোচনা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
অ্যাডভোকেসি কর্মসূচির মাধ্যমে স্থানীয় তরুণ সমাজ, জনপ্রতিনিধি ও বিশেষজ্ঞরা সমন্বিত উদ্যোগের মাধ্যমে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও জলবায়ু সহনশীল উন্নয়নের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।পাশাপাশি টেকসই বেড়িবাঁধ বাস্তবায়নের দাবিতে বেশ কয়েকটি দপ্তরে স্মারক লিপি জমা দেয়া হবে বলেও জানান এই তরুনরা।
এই উদ্যোগ উপকূলীয় জনগণের জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ 



















