মির্জা ফয়সল আমীন | ফাইল ছবি
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মির্জা ফয়সল আমীন।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করে মির্জা ফয়সল আমীন মোট ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পান ৯৬ হাজার ৫১৩ ভোট।
অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে ৩ হাজার ২৮৯ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আলিম নিজামী বটগাছ প্রতীকে ৮৩৬ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মোহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীকে ৪৫০ ভোট পেয়েছেন।
নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনটি সদর উপজেলা, নবগঠিত রুহিয়া উপজেলা এবং ভুল্লী উপজেলাজুড়ে বিস্তৃত। এই তিন উপজেলায় মোট ভোটকেন্দ্র ছিল ১৮৫টি। যার মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, ভুল্লী উপজেলায় ৩৯টি এবং রুহিয়া উপজেলায় ৩৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। ভোটারদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৪৬৮ জন, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৬৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ৪ জন। এছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য ২৮৭ জন নিবন্ধিত ছিলেন, যাদের মধ্যে ২৪৯ জন পুরুষ এবং ৩৮ জন নারী ভোটার।

নিজস্ব প্রতিবেদকঃ 


















