জুলাই আন্দোলনের পাঁচ মাস পেরোলেও রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে ৭ই মার্চের ভাষণের ভাস্কর্য ‘‘মুক্তির সোপান’’ অক্ষত অবস্থায় ছিলো। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কলেজ শাখা ছাত্রদলের নেতৃত্বে এই প্রতিচিত্রটি ভেঙে ফেলা হয়।
এ ঘটনায় নেতৃত্ব দেন কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম এবং সদস্যসচিব নাজমুল হোসেন। এছাড়াও সংগঠনটির আহ্বায়ক কমিটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ছাত্রদল নেতা ইরফান আহমেদ ফাহিম সাংবাদিকদের বলেন, মুক্তির সোপানে ইতিহাস বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। মুক্তিযুদ্ধের প্রকৃত চিত্র তুলে ধরা হয়নি। এটি এক ব্যক্তিকেন্দ্রিক প্রচারণা মাত্র।
তিনি আরও দাবি করেন, ভাস্কর্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকার উল্লেখ নেই, অথচ তিনিই মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। ফাহিম বলেন, ফ্যাসিস্ট সরকার ইতিহাস বিকৃত করে নিজেদের মনগড়া গল্প নতুন প্রজন্মের কাছে তুলে ধরেছে।
ছাত্রদলের নেতারা জানান, জুলাই আন্দোলনে শহীদ হওয়া চারজন ছাত্রের স্মৃতিরক্ষার্থে ভাস্কর্যের জায়গায় তাদের ছবি ও স্মৃতিচিহ্ন স্থাপন করা হবে।
তারা বলেন, ৭১ যেমন ভোলার নয়, তেমনি শহীদ জিহাদ, শহীদ ওমর ফারুক, শহীদ কাউসারদের অবদানও ভোলার নয়। এই ক্যাম্পাস যতদিন থাকবে, ততদিন তারা স্মরণীয় হয়ে থাকবে।
প্রসঙ্গত, ২০১৯ সালে কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারের পাশে ‘মুক্তির সোপান’ ভাস্কর্যটি স্থাপন করা হয়েছিল।

সংবাদ360 ডেস্কঃ 














