সংগৃহীত ছবি
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেছেন, ‘ইসকন নিষিদ্ধের বিষয়ে আমার কাছে কোনও তথ্য নেই। পরিকল্পনা হলে জানতে পারবেন। কোনও মামলায় হয়রানিমূলকভাবে কাউকে জড়ানো হলে নিরপরাধ ব্যক্তি অবশ্যই ছাড়া পাবেন। আন্দোলন ঘিরে যারা মিথ্যা মামলা দিচ্ছেন, আমরা তাদেরও আইনের আওতায় আনবো। মিথ্যা মামলায় যেন কাউকে শাস্তি ভোগ করতে না হয় এ ব্যবস্থাও আমরা নিচ্ছি। এটা নিশ্চিত করতে আমরা একটি কমিটিও তৈরি করছি।
সোমবার (২ ডিসেম্বর) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়ার বাবনপুর গ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত বেরোবির শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে যান উপদেষ্টা। সেখানে তার কবর জিয়ারত করেন। এরপর পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, এখানে (বাংলাদেশে) কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি। পাশ্বর্বর্তী দেশের মিডিয়া আমাদের সম্পর্কে অনেক মিথ্যা প্রচার করে।
আবু সাঈদ হত্যার ঘটনা উল্লেখ করে জাহাঙ্গীর আলম বলেন, ‘তার বীরত্ব বলে শেষ করা যাবে না। আমি শুনেছি, এখানে (পীরগঞ্জে) সাঈদের নামে একটা ফাউন্ডেশন তৈরি করা হচ্ছে। এই ফাউন্ডেশনে আমাদের পক্ষ থেকে যত ধরনের সাহায্য ও সহযোগিতা দরকার হবে আমরা এটা দেবো।’
উপদেষ্টা আরও বলেন, ‘আবু সাঈদ হত্যা মামলায় ৩ জন আসামি গ্রেফতার হয়েছে। এই মামলা যত তাড়াতাড়ি সম্ভব আমরা বিচার শুরু করার পদক্ষেপ গ্রহণ করবো। অন্য যে আসামিরা ঘুরে বেড়াচ্ছে তাদের যদি আপনারা (মিডিয়া) আইডেন্টিফাই করতে পারেন এবং আমার পুলিশ আইডেন্টিফাই করতে পারে, তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। কাউকে কোনও অবস্থায় ছাড় দেওয়া হবে না।’
বাংলাদেশের গণমাধ্যম সত্য খবর প্রচারের মাধ্যমে তাদের ‘মিথ্যা প্রচারকে বন্ধ করতে পারে’ বলে মন্তব্য করেন তিনি। এছাড়া জুলাই-আগস্টে আন্দোলন ঘিরে হওয়া ঢালাও মামলার বিষয়েও মন্তব্য করেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম।

সংবাদ360 প্রতিবেদকঃ 



















