৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করছে বিএনপি। শুক্রবার (৮ নভেম্বর) বেলা ৩টার দিকে নয়াপল্টন থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এর আগে ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা কোরআন তেলাওয়াত করেন।
এ সময় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। এছাড়া, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোসহ দেশবাসীর জন্য দোয়া করা হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, মৎস্যজীবী দল, ওলামা দল, জাসাসসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা আলাদা আলাদা ব্যানারে শোভাযাত্রায় যোগ দিয়েছেন।
বিএনপির এই শোভাযাত্রা নয়াপল্টন থেকে কাকরাইল মোড়, কাকরাইল মসজিদ, মৎস্যভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, হোটেল শেরাটন, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে।
শোভাযাত্রার কারণে নয়াপল্টন, কাকরাইল, ফকিরাপুল ও পল্টন এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। শোভাযাত্রাকে কেন্দ্র করে সার্বিক শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে।

সংবাদ360 প্রতিবেদক 



















