নতুন পৌর ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন, সাধারণ মানুষের হয়রানিমুক্ত নাগরিকসেবা নিশ্চিতের আশ্বাস
কক্সবাজারের টেকনাফ পৌরসভাকে আধুনিক ও স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি বলেছেন, পৌরসভায় সাধারণ মানুষের দুর্ভোগ কমিয়ে হয়রানিমুক্ত ও সহজ নাগরিকসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে।
শুক্রবার (৬ নভেম্বর) টেকনাফ পৌরসভার নতুন ভবন নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, ‘আমি এই পৌরসভাকে একটি স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। এখানে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হবে। মানুষ পৌরসভায় এসে যেন কোনো বাধা বা হয়রানি ছাড়াই সরাসরি প্রয়োজনীয় সেবা পেতে পারেন, তা নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন, আমি সবকিছু করব। সাধারণ মানুষ যেন সহজে, স্বচ্ছন্দে ও সরাসরি তাদের প্রাপ্য নাগরিকসেবা পান, সেটিই আমার লক্ষ্য।’
তিনি আরও বলেন, পৌরসভার সেবাব্যবস্থাকে জনবান্ধব করতে হবে। সাধারণ মানুষকে যেন সামান্য কাজের জন্যও অযথা হয়রানি বা ভোগান্তির শিকার হতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পরিদর্শনকালে পৌরসভার নতুন ভবন নির্মাণের প্রস্তাবিত জায়গার উপযুক্ততা, অবকাঠামোগত সম্ভাবনা, নাগরিকদের যাতায়াতের সুবিধা এবং ভবিষ্যৎ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একটি পরিকল্পিত ও আধুনিক পৌর প্রশাসনিক ভবন নির্মাণের মাধ্যমে নাগরিকসেবা আরও সহজ ও গতিশীল করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এসএম অনীক চৌধুরী, জাইকার প্রকল্প পরিচালক (পিডি) ও সংশ্লিষ্ট প্রতিনিধি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান, উপজেলা প্রকৌশলী আলা উদ্দিন এবং টেকনাফ পৌরসভার প্রধান প্রকৌশলী জসিম উদ্দিন আহমেদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আবদুর রাজ্জাক, সদস্যসচিব হাফেজ এনামুল হাসান এবং টেকনাফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুস সালামসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা।
স্থানীয়দের প্রত্যাশা, নতুন পৌর ভবন নির্মাণের উদ্যোগ বাস্তবায়িত হলে পৌরসভার প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে। পাশাপাশি নাগরিকদের বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ সহজ হবে এবং পৌরসভার অবকাঠামোগত উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
টেকনাফ পৌরসভাকে আধুনিক, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে নতুন ভবন নির্মাণের উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধিঃ 


















