‘মাদকাসক্তি প্রতিরোধে জেগে উঠুক, এখনই’এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের বদলিজনিত বিদায় উপলক্ষে তাঁকে সম্মাননা স্মারক দিয়েছে ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’ পিরোজপুর।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের সভা কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে মাদকবিরোধী সামাজিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং ও সাইবার অপরাধ প্রতিরোধের পাশাপাশি খাল ও সরকারি জমি দখলমুক্ত রাখা, জেলার উন্নয়ন এবং পর্যটন সম্ভাবনাময় স্থানগুলো চিহ্নিত করার বিষয়ে সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন। এসব ক্ষেত্রে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধী সমাজের পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
সংশ্লিষ্টরা বলেন, প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও তথ্যের আদান-প্রদান থাকলে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সঠিক তথ্য দ্রুত জনগণের কাছে পৌঁছানো সম্ভব। একই সঙ্গে গুজব ও বিভ্রান্তি কমাতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি প্রশাসনের জনকল্যাণমূলক উদ্যোগগুলোও যথাযথভাবে তুলে ধরা প্রয়োজন।
গত কয়েক মাসে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’এর আয়োজনে পিরোজপুর শহরসহ বিভিন্ন উপজেলায় মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে শিক্ষার্থী, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের বিভিন্ন সড়কের পাশে অবৈধভাবে রাখা নির্মাণসামগ্রী ও আসবাবপত্র অপসারণের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ১৮ বছরের কম বয়সী ব্যক্তি ও অপ্রাপ্তবয়স্কদের কাছে সিগারেটসহ তামাকজাত পণ্য বিক্রি না করতে ব্যবসায়ীদের আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।
বক্তারা বলেন, মাদকাসক্তি তরুণ সমাজের জন্য একটি গুরুতর সামাজিক সমস্যা। এটি প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’এর আহ্বায়ক ও পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, জ্যেষ্ঠ সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী, প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. শাহ আলম, সাবেক উপাধ্যক্ষ মো. লুৎফর রহমান, আব্দুর রহমান, দি-পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান, যুগ্ম আহ্বায়ক সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমান, নজরুল ইসলাম, পজিটিভ পিরোজপুরের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সাংবাদিক জুবায়ের আল মামুন, জাতীয় সাংবাদিক সংস্থা পিরোজপুর জেলা শাখার সভাপতি ও পিরোজপুর প্রেসক্লাবের আজীবন সদস্য হাসান মামুন, সাংবাদিক অমিত বিশ্বাসসহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করেন, মাদকবিরোধী সামাজিক উদ্যোগকে সাময়িক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত ও ধারাবাহিকভাবে পরিচালনা করা প্রয়োজন।

দক্ষিণাঞ্চল প্রতিনিধিঃ 










