হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কর্মকর্তাদের কাজে বাধা দেওয়া এবং দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব শুক্রবার বিমানবন্দর থানায় এই মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রীদের চাপের কারণে বিমানবন্দরের ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলি সংকট দেখা দেয়। এতে লাগেজ পেতে বিলম্ব হওয়ায় যাত্রীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গেলে তার সাথে আখতারুজ্জামান গালাগাল ও দুর্ব্যবহার করেন বলে অভিযোগ উঠেছে।
এ ছাড়া আখতারুজ্জামানের প্রটোকল সহকারীরা সংরক্ষিত এলাকায় মুঠোফোনে ভিডিও ধারণ করতে গেলে কর্তব্যরত নিরাপত্তা সুপারভাইজার বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তাকে গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পাশাপাশি সাধারণ যাত্রীদের ট্রলি থেকে জমজমের পানির বোতল ফেলে দেওয়া এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণ করে বিমানবন্দর এলাকার স্বাভাবিক শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগও এতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, মেজর (অব.) আখতারুজ্জামান কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে একাধিকবার বিএনপি থেকে বহিস্কৃত হওয়ার পর তিনি পরবর্তীতে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

নিজস্ব প্রতিবেদকঃ 










