বাগেরহাটের মোরেলগঞ্জে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (CODEC)-এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
গতো বৃহস্পতিবার উপজেলার ২৬৩ নম্বর সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে প্রয়োজনীয় বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। নতুন শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহ দেখা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (CODEC)-এর এরিয়া ম্যানেজার তরিকুল ইসলাম।
এ সময় শিক্ষা অনুরাগী এস কে শফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে শিক্ষা উপকরণ বিতরণের মতো উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে মানসম্মত শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিশ্চিত করাও জরুরি। CODEC-এর এ উদ্যোগ শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী ও উৎসাহী করবে।
তিনি আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা করেন তিনি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানাজ পাপড়ি বলেন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করায় CODEC কর্তৃপক্ষের প্রতি বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও বৃদ্ধি করবে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে CODEC-এর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদানের মাধ্যমে তাদের শিক্ষাজীবনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ আরও সমৃদ্ধ করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ 



















