পবিত্র ঈদ-উল আযহা ২০২৬ উপলক্ষে বাগেরহাট সদর উপজেলায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত এ সহায়তা প্রদান করা হয়।
সোমবার (২৫ মে) সকালে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট চেম্বার অফ কমার্সের সভাপতি শেখ শাহেদ আলী রবিসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় উপজেলার বিভিন্ন এলাকার অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ঈদকে সামনে রেখে সরকারের পক্ষ থেকে এ সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেন, “সরকার সবসময় পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে রয়েছে। তাদের জীবনমান উন্নয়নে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ঈদ উপলক্ষে আর্থিক সহায়তার মাধ্যমে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করা হয়েছে।”
তিনি আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

বাগেরহাট প্রতিনিধিঃ 


















