জলঢাকায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সমন্বয়ে “সাংবাদিক ঐক্য পরিষদ” আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৪টায় আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী বলেন- “সাংবাদিকদের ঐক্য, সাংবাদিকতার শক্তি। পাশাপাশি সাংবাদিকদের প্রয়োজনীয় পড়াশোনার মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে সচেতন হওয়া একান্ত জরুরি। সাংবাদিকতার মান উন্নয়নে পেশাগতভাবে সমৃদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। আমাদের উত্তরাঞ্চলের সাংবাদিক ভাইয়েরা এই ক্ষেত্রে অনেকটা পিছিয়ে রয়েছে।
তিনি আরও বলেন, সাংবাদিকদের যে কোনো সমস্যা সংসদে উপস্থাপনের সুযোগ হলে, সংসদে উপস্থাপন করব”।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জায়েদ ইমরুল মুজাক্কিন বলেন, সাংবাদিক হলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চতুর্থ স্তম্ভ। একটি রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত ও সঠিকভাবে চালাতে হলে সাংবাদিক ও সংবাদপত্রের কোনো বিকল্প নেই। সাংবাদিকদের যে কোনো তথ্যের প্রয়োজনে আমার কাছে এলে আইনী বাধা না থাকলে সাথেই তথ্য প্রদান করে থাকি এবং আমার অফিস এ বিষয়ে সবসময়ই সচেতন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জলঢাকা থানার সেকেন্ড অফিসার আবু হাসান, জলঢাকা অনির্বাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী, জলঢাকা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবর রহমান মনি, জলঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমন, জাতীয় সাংবাদিক সংস্থা’র সভাপতি রবিউল ইসলাম রাজ, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি গোলাম রব্বানী ডলার, বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা-বিজেইউজে’র সভাপতি মাহমুদ আল-হাছানসহ সকল সাংবাদিকবৃন্দ।
শেষে জলঢাকা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির নাম ঘোষনা করেন সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফী। জলঢাকা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামানকে আহ্বায়ক ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব মাহবুবর রহমান মনিকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়। আহ্বায়ক কমিটি দ্রুততম সময়ের মধ্যেই পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করবেন বলে সভায় জানানো হয়েছে।

রবিউল ইসলাম রাজ, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ 


















