কক্সবাজারের টেকনাফে ডাকাতদের হামলায় ১৮ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছেন। পরিবারের সামান্য সম্পদ রক্ষায় বাধা দিতে গিয়ে প্রাণ হারান তিনি।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ধুমপ্রাং বিল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফয়াজ শাহ অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। তাঁর বড় ভাই গুরাইয়া টেকনাফ বাজারে শুটকি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। ঘটনার সময় তিনি বাজারে ছিলেন এবং বাড়িতে একাই ছিলেন ফয়াজ।
এ সুযোগে একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে শুটকি ও নগদ অর্থ নেওয়ার চেষ্টা করে। ফয়াজ বাধা দিলে তাকে আঘাত করা হয়। পরে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।
ঘটনার পর এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং দায়ীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধিঃ 



















