কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলখালী এলাকায় প্রাইভেটকারে করে ইয়াবা পাচারকালে ১,৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চালককে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
আটক ব্যক্তি টেকনাফ উপজেলার লেজির পাড়া গ্রামের মৃত নুর আহমদের ছেলে মোঃ ওমর ফারুক (৩২)।
উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে তা তল্লাশি করা হয়।
তল্লাশিকালে কর্তব্যরত বিজিবি সদস্যদের সঙ্গে বিজিবি-১১২৮ নম্বর প্রশিক্ষিত মাদক শনাক্তকারী কুকুর ‘হেনরি’ অংশ নেয়। এ সময় প্রাইভেটকারের স্টিয়ারিংয়ের নিচে কালো স্কচ টেপে মোড়ানো একটি পোটলা থেকে ১,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক জানায়, সে টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
বিজিবি অধিনায়ক আরও বলেন, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত গাড়ি ও আটক আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি জানান, বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন দায়িত্বপ্রাপ্ত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মাদকসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম দমনে কার্যকর ভূমিকা রেখে আসছে। এসব অভিযানে টেকনাফ ও উখিয়াবাসীর মধ্যে স্বস্তি ও আস্থা বাড়ছে।

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধিঃ 



















