সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘রাঙ্গা বাহিনী’র প্রধানকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে কোস্টগার্ডের বিসিজিএস স্বাধীন বাংলার নেভিগেটিং কর্মকর্তা লে. মো. খালিদ সাইফুল্লাহ সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত রাঙ্গা বাহিনীর সদস্যরা শিবসা নদীসংলগ্ন কালাবগি এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা থেকে রোববার সকাল ৬টার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরে অভিযানিক দল ধাওয়া করে রাঙ্গা বাহিনীর প্রধানকে আটক করে। এসময় তার কাছ থেকে দু’টি একনলা বন্দুক ও ছয় রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির নাম নজরুল শেখ (৪৮) বলে জানা গেছে। তিনি বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে নিজ বাহিনী নিয়ে সুন্দরবনে ডাকাতি করে আসছিলেন।
কোস্ট গার্ড জানায়, গত ৩১ জুলাই রাঙ্গা বাহিনী সুন্দরবনের জঙ্গলবাড়ি ও বনবিবি রিসোর্টে চাঁদা দাবি করে চিঠি দেয়। ওই ঘটনার পর থেকেই বাহিনীটিকে গ্রেফতারে অভিযান শুরু করে কোস্ট গার্ড।
লে. খালিদ সাইফুল্লাহ বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
জব্দ করা অস্ত্র, গোলাবারুদ ও আটক ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান এ কর্মকর্তা।

স্টাফ রিপোর্টার, বাগেরহাটঃ 



















