সংগৃহীত ছবি
‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) এবং শিশু অধিকার দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকালে একাডেমিতে পৌঁছালে ১৫০ জন শিশু প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেয়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, যার পর প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে আসন গ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিশুদের অংশগ্রহণে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এরপর তিনি শিশুদের হাতে বিশেষ স্মারক উপহার তুলে দেন এবং একাডেমির স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচন করেন। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের সঙ্গে মতবিনিময় ও তাদের নানা প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী।
পরবর্তীতে তিনি শিশু জাদুঘর ভবনে শিশুদের আঁকা রঙিন ছবি ও চমৎকার ফটো গ্যালারি ঘুরে দেখেন। পরিদর্শনের শেষে প্রধানমন্ত্রী শিশু জাদুঘর ভবনের নিচতলায় নবস্থাপিত সোলার প্যানেল ও সাব-স্টেশন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
অনুষ্ঠানে একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিশুরা অংশ নেয়।

নিজস্ব প্রতিবেদকঃ 


















