মানবাধিকার কোনো করুণা বা দান নয়, এটি প্রতিটি মানুষের জন্মগত ও মৌলিক অধিকার বলে মন্তব্য করেছেন দৈনিক দেশবার্তা পত্রিকার উপদেষ্টা সম্পাদক এবং বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী। তিনি বলেন, সমাজে আইনের শাসন ও সুবিচার ব্যাহত হলেই সাধারণ মানুষের মানবাধিকার লঙ্ঘিত হয়। একটি সভ্য ও গণতান্ত্রিক সমাজ গঠনে প্রতিটি নাগরিকের মৌলিক ও মানবিক অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর বিজয়নগরের হোটেল ওরনেটে ‘মানবাধিকার রক্ষায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ প্রজন্ম সাংস্কৃতিক পরিষদের আয়োজনে এবং ন্যায্যমূল্যের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
রেজাবুদ্দৌলা চৌধুরী বলেন, মানবাধিকার রক্ষায় শুধু রাষ্ট্র বা কোনো সামাজিক সংগঠনের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে। সাংস্কৃতিক আন্দোলন ও মূল্যবোধের চর্চা মানুষকে আরও মানবিক হতে শেখায়। তাই অপসংস্কৃতি রোধ করে সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চার মাধ্যমে যুবসমাজকে সঙ্গে নিয়ে একযোগে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, সমাজের অন্যায়, অবিচার ও মানুষের অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। মানবিক মূল্যবোধের বিকাশ এবং সামাজিক সচেতনতা বাড়ানোর মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে মানবাধিকার রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে ছিলেন বুলবুল ব্লকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বুলবুল আহমেদ, বিবিএন নিউজের চেয়ারম্যান শফিকুর রহমান, প্রয়োজন গ্রুপের চেয়ারম্যান পিংকি, আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম মনিরুজ্জামান এবং ব্রেন অ্যান্ড লাইফ হাসপাতালের চেয়ারম্যান ও সমাজসেবক মো. ফখরুল হোসেন।
এ ছাড়া পিস অ্যান্ড লাভ ডেভেলপমেন্ট সোসাইটির (বিএলডিএস) চেয়ারম্যান রোটারিয়ান অ্যাডভোকেট আলেয়া বেগম লাকি পিএইচএফ, লায়ন্স ক্লাব ৩১৫ বি৩ এর জোনাল চেয়ারপারসন ড. শাহ মোহাম্মদ সেলিম রেজা চৌধুরী, শাম্মী ফ্যাশন ও ভূঁইয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলহাজ্জ জসিম উদ্দিন ভূঁইয়া মুন্নু এবং এম. ইরফান উদ্দিন ইউরোসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রজন্ম সাংস্কৃতিক পরিষদের উপদেষ্টা ও ম্যারেজ সলিউশন বিডির ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেন শুভ সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ মেধা বিকাশ সোসাইটির চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন অপু। স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ হোসেন রাব্বানী।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সম্মাননা স্মারক প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিজস্ব প্রতিবেদকঃ 


















