কক্সবাজারের টেকনাফে বেড়িবাঁধের টেকসই উন্নয়ন, সুপেয় পানির নিশ্চয়তা, কর্মসংস্থান সৃষ্টি ও মাদক-মানবপাচার প্রতিরোধসহ নানা সমস্যা সমাধানে নিজেদের প্রত্যাশা তুলে ধরেছেন তরুণ ও বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিরা। এসব দাবি সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর কাছে উপস্থাপনের আশ্বাস দিয়েছেন তাঁর প্রতিনিধি ও টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী।
বুধবার (৩০ সেপ্টেম্বর) টেকনাফ উপজেলা কৃষি প্রশিক্ষণ কক্ষে আয়োজিত ‘ইলেকশন ম্যানিফেস্টো ফলোআপ প্রোগ্রাম’-এ এসব বিষয় উঠে আসে। Activista Teknaf Team আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করে SHED A4T Project ও ActionAid Bangladesh।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন SHED A4T Project-এর প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ আব্দুল্লাহ। প্রধান অতিথি ছিলেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রতিনিধি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী। সঞ্চালনা করেন প্রকল্প কর্মকর্তা তাসলিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। এ ছাড়া রাখাইন ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি, নারী ও যুব প্রতিনিধি, বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মকর্তা এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।
আয়োজকেরা জানান, টেকনাফের বিভিন্ন এলাকার তরুণ ও স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে আলোচনা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকারের মাধ্যমে এলাকার সমস্যা ও উন্নয়ন চাহিদা চিহ্নিত করা হয়েছে। এসব মতামতের ভিত্তিতে ‘তারুণ্যের স্বপ্ন, তারুণ্যের ইশতেহার—Our Manifesto, Our Future’ শীর্ষক একটি ইশতেহার তৈরি করা হয়। জাতীয় নির্বাচনের আগে ইশতেহারে অন্তর্ভুক্ত দাবিগুলো সংশ্লিষ্ট সংসদ সদস্য প্রার্থীদের সামনে তুলে ধরা হয়েছিল।
ফলোআপ কর্মসূচিতে সেই দাবিগুলোর অগ্রগতি এবং নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো নিয়ে আলোচনা হয়। বিশেষ করে উপকূলীয় এলাকার দুর্যোগ মোকাবিলা, বেড়িবাঁধের স্থায়িত্ব, নিরাপদ পানির ব্যবস্থা, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে কৃষি উন্নয়ন এবং তরুণদের জন্য দক্ষতা প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি মাদক ও মানবপাচার প্রতিরোধ এবং স্থানীয় নিরাপত্তা নিয়েও মতামত দেন অংশগ্রহণকারীরা।
অ্যাডভোকেট হাসান সিদ্দিকী বলেন, তরুণ ও স্থানীয় জনগোষ্ঠীর দাবিগুলো সংসদ সদস্যের কাছে তুলে ধরা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়গুলো নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ারও আশ্বাস দেন তিনি।
কর্মসূচিতে বক্তারা বলেন, স্থানীয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে তরুণ, নারী এবং প্রান্তিক জনগোষ্ঠীর মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। একই সঙ্গে নির্বাচনী প্রতিশ্রুতির অগ্রগতি পর্যালোচনা এবং জনগণের কাছে নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধিঃ 


















