বাগেরহাট-১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিমের নির্বাচনি প্রচার প্রচারণায় বাধা, অফিসে ভাংচুর ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিমের নির্বাচন সমন্বয়কারী মাহাবুবুর রহমান টুটুল সম্মেলনে এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে মাহবুবুর টুটুল বলেছেন, সাবেক সংসদ সদস্য এমএএইচ সেলিমের বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে নির্বাচনি প্রচার-প্রচারণায় কিছু সন্ত্রাসী বাহিনী বাধা দিচ্ছে, আমাদের নির্বাচনি এলাকায় আমাদের প্রচারণার মাইক ভাঙচুর করেছে, কাড়াপাড়া, রাখালগাছি, বেমরতা ইউনিয়ন নির্বাচনি কাজে বাধা প্রদান করে আসছে। এছাড়া গতকাল বৃহস্পতিবার কচুয়ায় ঘোড়া প্রতীকের কর্মীর মটর সাইকেল ভাঙচুর করেছে ধানের শীষের কর্মীরা। এবিষয়ে পুলিশ প্রশাসন ও জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। এ অবস্থা বিরাজ করলে নির্বাচনে কোন লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না। প্রধান নির্বাচন কমিশনের কাছে আগামী সংসদ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের বিরুদ্ধে কর ফাঁকির গুজব ছড়ানো হচ্ছে। কর ফাঁকি দিলে তো নমিনেশন বৈধতা পেতাম না। নির্বাচনকে কেন্দ্র করে আমাদের হেয় করার জন্য কিছু কুচক্রী মহল ইচ্ছাকৃতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গুজব ছড়াচ্ছে। আমি জেলা রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসনের নিকট এর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবি জানাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এমএএইচ সেলিমের আইনজীবী।

বাগেরহাট প্রতিনিধিঃ 



















