সচিবালয়ে হামলা, গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃতদের ১ জন ‘টাকা তুলে শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনার’ ঘোষণা দিয়েছিলেন বলে জানিয়েছে ডিএমপির রমনা বিভাগ।
গ্রেপ্তাররা হলেন: ব্রাহ্মণবাড়িয়ার আশিকুর রহমান তানভীর (১৯), বরিশালের জেফরী অভিষেক সিকদার (২১), কুমিল্লার লাকসাম থানার পশ্চিমগাঁও এলাকার আবু সফিয়ান (২১) এবং মুরাদনগরের সালিয়াকান্দি ইউনিয়নের মো. শাকিল মিয়া (১৯)। এদের মধ্যে শাকিল শেখ হাসিনাকে ফেরত আনার ঘোষণা দিয়েছিলেন।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “গতকাল বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে শাকিল বলেছিল, সে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে।”
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং সচিবালয়ের ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
আজ আদালতে গ্রেপ্তারের আবেদনে বলা হয়, বাংলাদেশ সচিবালয় একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা, যেখানে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা বলবৎ রয়েছে। গত ২২ জুলাই রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালিত হয়। তারা প্রথমে শিক্ষা বোর্ড ও শিক্ষাভবনের দিকে মার্চ করলেও পরে সচিবালয়ের সামনে অবস্থান নেয় এবং জোরপূর্বক প্রবেশের চেষ্টা করে। পুলিশের অনুরোধ উপেক্ষা করে বিকেল সাড়ে ৩টার দিকে প্রায় ১,০০০ থেকে ১,২০০ জন শিক্ষার্থী ও দুষ্কৃতিকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের মূল ফটকে হামলা চালায়।
আবেদনে আরও বলা হয়, হামলাকারীরা লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যদের ওপর হামলা চালায় এবং তাদের গুরুতর আহত করে। তারা সচিবালয়ের কর্মকর্তাদের অবরুদ্ধ করে সরকারি গাড়ি ভাঙচুর করে এবং ভীতি ও হুমকি প্রদান করে।
প্রসঙ্গত, রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীরা ৬ দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করে। এ সময় সেখানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার সময় শাকিল মিয়ার একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘যদি শিক্ষা উপদেষ্টা পদত্যাগ না করেন, আমরা সবাই টাকা তুইল্যা শেখ হাসিনারে আবার বাংলাদেশে আনব। শেখ হাসিনা ভালো ছিল।’

সংবাদ৩৬০ প্রতিবেদকঃ 



















