অনিবার্য কারণবশতঃ উল্লেখ করে সারাদেশে বৃহস্পতিবার (১০ জুলাই) চলমান আলিম ও কারিগরির এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) রাতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, চেয়ারম্যান মহোদয়ের অনুমোদনক্রমে অনিবার্য কারণবশতঃ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চলমান ডিপ্লোমা ইন ইঞ্জিনিযারিং, ডিপ্লোমা ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি, ডিপ্লোমা ইন কৃষি, ডিপ্লোমা ইন টেক্সটাইল, সার্টিফিকেট ইন মেরিন ট্রেড, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএমটি)-সহ আগামী ১০ জুলাই অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হলো। স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে। উল্লেখ, অন্যান্য দিনের পরীক্ষা সময়সূচি মোতাবেক অনুষ্ঠিত হবে। সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে অনুলিপি প্রেরণ করা হলো।
মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নুরুল হক বলেন, আগামীকাল বৃহস্পতিবার (১০ জুলাই ) এর পূর্বনির্ধারিত ইংরেজি ২য় পত্রের (কোড নম্বর ২৩৯) পরীক্ষা অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হলো। উক্ত পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে। অন্যান্য পরীক্ষাসমূহ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।
ফেনীসহ দেশের ছয় জেলার কয়েকটি স্থানের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বুধবার রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের একাধিক কর্মকর্তা। তারা জানান, এ পরীক্ষার সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
এদিকে টানা বৃষ্টি ও উজান থেকে আসা পানিতে সৃষ্ট বন্যার কারণে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলমান এইচএসসি পরীক্ষার বৃহস্পতিবার (১০ জুলাই) এর বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান ১ম পত্র ও ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা ১ম পত্র বিষয়ের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

সংবাদ৩৬০ ডেস্কঃ 



















