মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এমদাদুল হক খান। জামায়াতে ইসলামীর সমর্থক হিসেবে এমদাদুল হক ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন শাকিল। তিনি ১৯৬ ভোট পেয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাত ১০টার দিকে নির্বাচনের এ ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ১৫ জন ও জামায়াত সমর্থিত প্রার্থী ১জন জয়লাভ করেছেন।
সভাপতি পদে এমদাদুল হকের নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া পেয়েছেন ১০৫ ভোট। মাহাবুব হোসেন শাকিলের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রদীপ চন্দ্র সরকার ৪৯ ভোট পেয়েছেন।
ঘোষিত ফলাফলে সমিতির নির্বাচনে জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে আওয়ামী লীগের দুই কর্মী আনোয়ার হোসেন আরমিন ও জালালুর রহমান পেয়েছেন ১৩০টি করে ভোট পেয়েছেন। দুজনের ভোট সমান হওয়ায় এই পদের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সেলিম মিয়া ২৯ ভোট পেয়েছেন।
সহ-সভাপতি পদে মাহবুব হাসান সরোজ ১৮৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নেতা কানাই লাল দাস পেয়েছেন ৫৫ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক (১) পদে শাকিলা পারভীনের ব্যাংকে ভোট পড়ে ১৮৭টি, অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রফিকুল ইসলাম ৯৮ ভোট পেয়ে পরাজিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক (২) পদে মো. মশিউর রহমান পারভেজ ১৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মফিজুর রহমান পেয়েছেন ৮৮ ভোট।
কোষাধ্যক্ষ পদে সুজন ভৌমিক ১৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন রানা পেয়েছেন ১২২ ভোট। আপ্যায়ন ও বিনোদন সম্পাদক পদে বদরুন নাহার কলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। লাইব্রেরি সম্পাদক পদে মুনির হাসান মিঠু পেয়েছেন ১৬২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মোস্তফা দেওয়ান ১২৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। মুহুরি সম্পাদক পদে এ কে এম আজিজুল হক মুকুল পেয়েছেন ১৪৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুর রহমান সাগর ৮০ ভোট পেয়েছেন। সাধারণ সদস্য পদে ৫ বিজয়ীর মধ্যে সৈয়দা তাহমিনা খানম তুলি পেয়েছেন ২১২ ভোট, মো. এনামুল হক ১৮৫ ভোট, আব্দুস সালাম ১৮৩ ভোট, ইকবাল হোসেন ১৬৮ ভোট ও মো. আবু সুফিয়ান ১৪৭ ভোট পেয়েছেন।
আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ফরহাদ হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ একটানা চলে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। মোট ভোটারের সংখ্যা ৩০০টির মধ্যে ভোট পড়েছে ২৯৩টি। বাকি ৭ ভোটার অনুপস্থিত ছিলেন।

সংবাদ360 প্রতিবেদকঃ 









