উত্তরা পূর্ব থানা | ফাইল ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতার হওয়া উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম কৌশলে পালিয়ে গেছেন। এ ঘটনায় কর্তব্যরত উত্তরা পূর্ব থানার এএসআইকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এ সময় তিনি পালিয়ে যান।
এর আগে বুধবার তাকে গ্রেফতার করে কুষ্টিয়া থানা পুলিশ। শুক্রবার তাকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয়। পরে তাকে নেওয়া হয় থানার ওসির কক্ষে। সেখান থেকে পালিয়ে যান শাহ আলম।
উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান জানান, শাহ আলমের পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ সদর দপ্তর থেকে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ বাদী হয়ে পালানোর ঘটনায় একটি মামলা দায়ের করেছে। পাশাপাশি তাকে ধরতে সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের সব ইউনিট কাজ করছে। তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়েও তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
উত্তরা পূর্ব থানার ওসি মো. মহিবুল্লাহ জানান, শাহ আলমকে ধরতে ব্যাপক অভিযান চালানো হচ্ছে এবং খুব দ্রুত তাকে গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর রাজধানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যেখানে শাহ আলম অভিযুক্ত ছিলেন। দীর্ঘ তদন্ত শেষে বুধবার (৮ জানুয়ারি) তাকে গ্রেফতার করা হয়।

সংবাদ360 প্রতিবেদকঃ 



















