সরকার কিংবা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, তাহলে দলটির নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে ‘ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, ‘এখন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। ডানে বামের বা বহির্বিশ্বের কোনো চাপ নেই। এখন আমরা বিবেকের চাপে আছি। এ দেশে ভালো নির্বাচন করাও সম্ভব, খারাপ নির্বাচন করাও সম্ভব।’
এক প্রশ্নের জবাবে এ এম এম নাসির উদ্দিন জানান, তারা ভোটারদের আস্থাহীনতা দূর করতে চান, এ জন্য বাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা আছে। তিনি আশা প্রকাশ করে বলেন, ৬ মাসের মধ্যে এই কাজ শেষ করতে পারবেন। ভোটার তালিকা থেকে যারা বাদ পড়ে গেছে তাদের অন্তর্ভুক্ত করতে চান জানিয়ে বলেন, এবারের নির্বাচন আগের মতো হবে না। এ জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে, সবার সহযোগিতা লাগবে।

সংবাদ360 প্রতিবেদকঃ 



















