সংগৃহীত ছবি
মামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রামে সনাতন জাগরণ মঞ্চ। শুক্রবার (১ নভেম্বর) নগরীর চেরাগী মোড়ে আয়োজিত এই সমাবেশে হাজারো মানুষ অংশ নেন। বিকেলে সমাবেশকে ঘিরে কিছুটা উত্তেজনা দেখা দেয়। সনাতন জাগরণ মঞ্চের নেতারা দাবি করেন, সমাবেশে আসতে লোকজনকে বাঁধা দেওয়া হয়। যদিও পরে সুষ্ঠভাবেই সমাবেশটি শেষ হয়।
সমাবেশ থেকে স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী বক্তব্যে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে সমবেত হয়েছি। কিন্তু নগরের জামালখান, আসকারদীঘির পাড়, নন্দনকানন ও আন্দরকিল্লা এলাকায় লোকজনকে সমাবেশে আসতে বাধা দেওয়া হচ্ছে। যদি মিছিল আসতে দেওয়া না হয় তাহলে আমরা মিছিল নিয়ে গিয়ে বিভিন্ন স্থানে আটকে দেওয়া লোকজনকে নিয়ে আসব।’
এ প্রসঙ্গে, নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) লিয়াকত আলী খান বলেন, প্রশাসনিক নির্দেশনা ছিল চেরাগীতে সভা সমাবেশ হবে না আজ। তবে পরে বাধা ঠেলে লোকজন চলে আসে।
প্রসঙ্গত, বুধবার (৩০ অক্টোবর) নগরীর কোতোয়ালি থানায় চট্টগ্রাম সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র, ইসকনের সংগঠক ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। মামলায় আসামিদের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার মাধ্যমে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনেন মোহরা ওয়ার্ড বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ খান।
গত ২ মাস ধরে সনাতন জাগরণ মঞ্চ আট দফা দাবিতে আন্দোলন করে আসছে। এর অংশ হিসেবে ২৫ অক্টোবর লালদীঘি মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশ থেকে যাওয়ার সময় নিউমার্কেট এলাকায় জাতীয় পতাকার ওপর গেরোয়া পতাকা টাঙানো হয়। এরপর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মামলাটি করা হয়।
মামলার প্রতিবাদে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে নগরের চেরাগী পাহাড় মোড়ে প্রতিবাদ সমাবেশ করে সনাতন জাগরণ মঞ্চ। সমাবেশে শুক্রবার ৬৪ জেলায় বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়।

সংবাদ360 প্রতিবেদক 



















