রাজধানীর মোহাম্মদপুরে গভীর রাতে সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরে সংঘবদ্ধ ডাকাত দল একটি বাসা থেকে সাড়ে ৭৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৩ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) ডাকাতির ঘটনায় ভুক্তভোগী আবু বকর একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানিয়েছেন, মুখে মাস্ক লাগিয়ে সেনাবাহিনীর পোশাক পরে আসা লোকজনকে দেখে দারোয়ান গেট খুলে দেয়।
এরপর তারা তিনতলায় আবু বকরের ফ্ল্যাটে যায়। র্যাবের জ্যাকেট পরা ও সাদা পোশাকের লোকজনও ছিল তাদের সঙ্গে।
তিনি বলেন, সেনাবাহিনীর পোশাক পরা যে কয়জন এসেছিলেন, তারা এমনভাবে এসেছিলেন যে বোঝার উপায় নেই তারা সেনাবাহিনীর সদস্য নন।
ভুক্তভোগী আবু বকর বলেন, ‘তারা বাসায় ঢুকে আমার বৈধ অস্ত্র থানায় জমা দেইনি বলে অস্ত্র নিতে আসার কথা জানায়। অস্ত্র থানায় জমা দেওয়া হয়েছে জানালেও তারা কোনও কথা না শুনে অস্ত্র খোঁজার নাম করে আলমারিগুলো খুলে তছনছ করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। পরে ফ্ল্যাটের একপাশে আমার অফিসে যায় এবং একইভাবে অস্ত্র আছে বলে সিন্দুক ও আলমারি খুলে টাকা নিয়ে নির্বিঘ্নে চলে যায়। তারা প্রায় ঘণ্টা খানেক অবস্থান করে ভোর সোয়া ৪টার দিকে বের হয়ে যায়।’
প্রসঙ্গত, শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তা মোড়ের কাছে এ ঘটনা ঘটে।

সংবাদ360 প্রতিবেদক 



















