বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসান হাবিব সায়েমের বাড়ির দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ লিখে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে ঘুম থেকে উঠেই বাড়ির দেয়ালে এমন লেখা দেখতে পেয়ে আতঙ্কিত হয়েছেন পরিবার এবং স্থানীয় এলাকাবাসীর। সমন্বয়ক আহসান হাবীব সাহেবের বাড়ি বগুড়ার সদর উপজেলার নওদাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার আব্দুল গফুরের ছেলে। তিনি সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি বলেন, গতকাল রাতে কোন এক সময় আমার ঘরের দেয়ালে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও এমন লেখাটি দেখতে পেয়ে আমার ভাবি আমাকে জানায়। আমি আমার শোয়ার ঘরের দেয়ালে লেখাটি দেখতে পাই। বিষয়টি নিয়ে আমি ও আমার পরিবারের লোকজন আতঙ্কে দিন কাটাচ্ছি। পরিবারের সাথে পরামর্শ নিয়ে জিডি করার প্রস্তুতি নিচ্ছি।
বগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাকিব হাসান জানান, বিষয়টি আমি জেনেছি। ঘটনাটি দুঃখজনক এবং আতংকের। সায়েমকে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে আমি পরামর্শ দিয়েছি।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, ঘটনাটি শোনার পর থেকেই আমাদের থানার একাধিক টিম কাজ করছে। রহস্য উদঘাটনে তদন্ত চলছে। যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইমন মিয়া, গাইবান্ধাঃ 



















